নাসিক প্রশাসক সাখাওয়াতের ওপর হকারদের হামলাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খানের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খান সড়কে হকার উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ করতে আসেন। উচ্ছেদের একপর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে যান। সেই সঙ্গে সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন। উচ্ছেদ কর্মীদের মারধর করতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জীবন নামে একজন হকার দাবি করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আমাদের কোনো রকমের নোটিশ না দিয়ে রাতে উচ্ছেদ অভিযান করতে আসে। সেই সঙ্গে আমাদের সব মালামাল লুট করে নিয়ে যায়। আমাদের উপর হামলা করে সাখাওয়াতের লোকজন। আমিসহ অন্যান্য হকারদের উপরও হামলা চালিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
সাইফুল ইসলাম নামে আরেকজন অভিযোগ করে বলেন, প্রশাসক লোকজন নিয়ে আমাদের হকারদের উপর হামলা করেছে। আমাদের মালামাল লুট করে নিয়ে গেছে। আমরা এটা উনার কাছ থেকে আশা করি নাই। পুলিশ আমাদের আশ্বস্ত করেছে তারা এই ঘটনায় পদক্ষেপ নেবে। আমরা এই ঘটনার বিচার না পেলে কঠোর আন্দোলন করব।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, উনি উচ্ছেদ অভিযানে আসছিল। তবে প্রশাসন কিংবা আমাদের কাউকে জানায়নি। উনি উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করেছেন। পরবর্তীতে হকারদের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর আমাদের সংবাদ দিলে আমিসহ আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাই। সেই সঙ্গে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন।
নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আমি উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এসময় হকাররা আমাদের উচ্ছেদ কর্মীদের উপর হামলা করার চেষ্টা করে। তারা আমার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। সেই সঙ্গে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। পরে আমি সেখান থেকে চলে আসি। বর্তমানে আমি বাসায় অবস্থান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *