পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১।

​দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

​নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের বাসিন্দা এবং চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অন্যদিকে আটক আসাদুজ্জামান নয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, নয়া মোল্লাপাড়া গ্রামের প্রয়াত আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। সে সময় বিরোধ মেটাতে ও পরিস্থিতি শান্ত করতে শিক্ষক মনোরঞ্জন রায় সেখানে উপস্থিত হন। একপর্যায়ে আসাদুজ্জামান ও তার সহযোগীরা মনোরঞ্জন রায়ের ওপর হামলা চালায়। গাছের ডাল ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হলে তিনি পাশের ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসাদুজ্জামানকে আটক করে। ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *