রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আটতলার ওয়ার্ডের জানালা দিয়ে নিচে পড়ে সামিয়া নুর (১৫) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সামিয়ার মামা মাসুদ আলম জানান, তার বোন পারুল আক্তার জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ দিন আগে পিজি হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেলে পারুল আক্তার ও তার পালক মেয়ে সামিয়া হাসপাতালের আটতলার ওয়ার্ডে কথা বলছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ওয়ার্ডের জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।
তিনি আলেন, সামিয়ার বয়স যখন দুই থেকে তিন বছর, তখন তাকে দত্তক নেওয়া হয়েছিল। সামিয়া নুরুন্নবী ও পারুল আক্তারকেই নিজের জন্মদাতা বাবা-মা বলে জানত।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টা ১৪ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামিয়া নুরের পালক বাবা নুরুন্নবীর বাড়ি গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।