যশোর শহরের হামিদপুর নূরীতলা এলাকায় বাড়ির সামনে গর্ত করে রাখার প্রতিবাদ করায় এক নারীকে কোদাল দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
আহত নারী যশোর সদর উপজেলার হামিদপুর নূরিতলা এলাকার মিজানুর রহমানের স্ত্রী বেবী বেগম।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের হামিদপুর নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন একই এলাকার আইয়ুব, তাঁর ছেলে অনুরাগ ও স্ত্রী পারভিন।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী আইয়ুবের বাড়ির সামনে গর্ত করে রাখায় ওই পথ দিয়ে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে বেবী প্রতিবাদ করলে আইয়ুব ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে আইয়ুব ও তাঁর পরিবারের সদস্যরা বেবীকে বেধড়ক মারধর করেন। এ সময় আইয়ুবের বাড়ির দরজার সামনে কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর জখম হন।
পরে পরিবারের সদস্যরা আহত বেবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানাজায়, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।