যশোরে চুরির অপবাদ দিয়ে মারধরের অভিযোগে ১৪ বছরের কিশোর স্বাধীনকে হত্যা করা হয়েছে দাবি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা স্বাধীনের মা সুমাইয়া আক্তার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। আসামিরা হলেন বারান্দী মালোপাড়ার রেজা, তার শাশুড়ি ওলি, রনি ও তার বাবা আলী, পার্থ ও নারায়ণ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে স্বাধীন তার বন্ধু জাহার ফুয়াদ ওরফে জীবনের সঙ্গে পূজা দেখতে বারান্দী মোল্লাপাড়া এলাকায় যায়। সেখানে একটি মন্দিরের গলির সামনে ওয়াই-ফাই ব্যবহারের জন্য দাঁড়িয়ে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করছিল তারা। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি স্বাধীনকে চোর বলে অপবাদ দিয়ে মারধর শুরু করেন। পরে আসামিরা রড ও ধারালো অস্ত্র দিয়ে স্বাধীনকে আঘাত করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
ঘটনার সময় স্বাধীনকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বন্ধু জীবনও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনেরা স্বাধীনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকা হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’