মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগের ঘটনায় প্রধান আসামি তার স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার একদিন পর শুক্রবার দুপুরে উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অরুণ সমাদ্দার উপজেলার ধামুসা গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের সারথী দে নামে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসা হলেও কোনো সমাধান হয়নি। গতকাল বৃহস্পতিবার ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘরে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় অরুণ সমাদ্দার তার স্ত্রী পুতুল সমাদ্দারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে অরুণ সমাদ্দারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ডাসার থানায় হত্যা মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অরুণ সমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ‘নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। ’