কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত, আহত ৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রবাসফেরত ভাতিজা ফারুক হোসেনের ধারালো অস্ত্রের কোপে সোনা ভান (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী, ভাতিজার বোন ও ছোট ভাইয়ের স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা ভান ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন (৩২) উপজেলার উত্তর বারবান্দা গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে ফারুক তার মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় ফারুক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। প্রথমে তিনি চাচি সোনা ভানকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় বাধা দিতে গেলে চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমকে (২৬) কুপিয়ে আহত করেন ফারুক।
পরে স্থানীয় বাসিন্দারা ফারুককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *