গাজীপুরের শ্রীপুরে থানার সামনে মিছিল করার প্রস্তুতির অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ ২৩ অক্টোবর রোজ শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা এলাকায় যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে যান। পরে তাঁদের ধাওয়া করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আটজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। শুক্রবার জুমার নামাজের পর মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া বাজার এলাকায় যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলমকে।
শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশ কাজ করছে।