চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের রাউজান উপজেলায় মাদ্রাসার এক শিক্ষককে ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া আশেকানে মোস্তফা (স.) হেফজখানা ও এতিমখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইদ্রিস আলী (৪০)-এর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকায়।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী ছাত্রের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ এপ্রিল ছাত্রাবাসে ঘটনাটি ঘটলেও ছাত্রটি শুরুতে বিষয়টি গোপন রাখে। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তারা থানায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, হেফজ শাখার ওই ছাত্র প্রায় এক বছর ধরে ইদ্রিস আলীর কাছে পড়াশোনা করছিল। অভিযোগ অনুযায়ী, রাতে তাকে কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করা হয়।
এ ঘটনায় সোমবার রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *