যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে এক হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া গ্রামের সুকুমার গাইনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দোহাকুলা ইউনিয়নের কথিত যুবদল সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল রাতে তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে দরজা খুলতে বাধ্য করে তারা ঘরে প্রবেশ করে ৫০ হাজার টাকা দাবি করেন।
সুকুমার গাইনের স্ত্রী শিখা গাইন অভিযোগ করেন, স্বামীকে চিকিৎসার জন্য ভারতে নেওয়ার উদ্দেশ্যে জমি বিক্রির কিছু টাকা বাড়িতে রাখা হয়েছিল। ওই ব্যক্তিরা হুমকি দেওয়ায় আতঙ্কিত হয়ে ঘরে থাকা ১৩ হাজার ৫০০ টাকা তাদের হাতে তুলে দিতে বাধ্য হন তারা। টাকা নেওয়ার পরও প্রায় এক ঘণ্টা ধরে হুমকি-ধমকি দেওয়া হয় বলে দাবি পরিবারের।
স্থানীয় প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, ঘটনার খবর পেয়ে সুকুমারের বাড়ির দিকে যাওয়ার সময় কুঠিবাড়ি বাজার এলাকায় আনিসুর রহমান, রবি ও বিল্লালসহ কয়েকজনকে দ্রুত সরে যেতে দেখেছেন তিনি।
পরদিন সোমবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগী পরিবার। সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার ও বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম তাদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
এরপর সুকুমার গাইন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় একটি এজাহার জমা দেন।
বাঘারপাড়া থানার ওসি শাহাজালাল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর দোহাকুলা ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।