জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরে সনাতন বিদ্যার্থী সংসদ (SVS) জবি শাখার উদ্যোগে সাপ্তাহিক ধর্মচক্র ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ ও বেদপাঠ করা হয়। এরপর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, প্রশ্নোত্তর পর্ব, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, আত্মিক উন্নয়ন ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিন প্রয়াতদের স্মরণে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা করা হয়। প্রয়াত আত্মাদের শান্তি ও সদ্গতি কামনা করেন উপস্থিত শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম পুরোধা ও SVS জবি শাখার সাবেক সভাপতি সুমন কুমার দাশের প্রয়াত পিতা এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য ধৃতিকা রানীর প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
আয়োজকরা বলেন, ধর্মচক্র শুধু ধর্মীয় জ্ঞানচর্চার আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোরও একটি মাধ্যম। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার চেতনা থেকেই নিয়মিত এ আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রয়াতদের আত্মার শান্তি ও সদ্গতি কামনায় প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়ন এবং পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।