মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে এক গ্রাহকের নামে ২৯ হাজার ১৩৮ টাকার বিল দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা পেশায় একজন চা বিক্রেতা।
বাবু মোল্যার দাবি, তার মিটার প্রায় চার মাস বন্ধ থাকার পর বিলটিতে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখানো হলেও বিলের পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার ১৩৮ টাকা। অথচ সাধারণত তার বাড়ির মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসে। হঠাৎ এত বড় অঙ্কের বিল পেয়ে বিপাকে পড়েন তিনি।
পরে বিষয়টি নিয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে যোগাযোগ করেন বাবু মোল্যা। কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে জানায়, তার আগের চায়ের দোকানের একটি প্রায় ২৬ হাজার টাকা বকেয়া বিল নিয়ম অনুযায়ী বর্তমানে সক্রিয় আবাসিক মিটারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় মোট বিলের পরিমাণ বেড়ে যায়।
বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে পরে বিলটি সংশোধন করে দেন। সংশোধিত বিলে আগের তিন মাসের বকেয়াসহ বাবু মোল্যার মোট বিল নির্ধারণ করা হয়েছে ৭০৫ টাকা।
বিল সংশোধনের পর স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহক। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে।