গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডজনখানেক ককটেল সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার সকালে টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বাড়ির সামনে এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে সকালে ককটেলের মতো দেখতে প্রায় ১০ থেকে ১২টি বস্তু পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নেয়।
বস্তুগুলো আসলে ককটেল নাকি অন্য কোনো ধরনের বস্তু, তা নিশ্চিত করতে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবেন বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করছি। এগুলো ককটেল নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “ককটেলের মতো দেখতে ১০ থেকে ১২টি বস্তু দেখা গেছে। আমরা ধারণা করছি এগুলো ককটেল হতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে।”
বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।