রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নবঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীদের একাংশ।
শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। অভিযোগ ওঠে, কমিটিতে বিবাহিত, অছাত্র ও শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্থলী উপজেলা থেকে একজনকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করায় অসন্তোষ বাড়ে।
রোববার সকালে রাঙামাটি শহরের পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। তারা ‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’—এমন স্লোগান দেন। অবরোধের ফলে বিএনপি কার্যালয় সংলগ্ন সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে ঘোষিত কমিটির সহসভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ ও পারভেজ হোসেন সুমন এবং প্রচার সম্পাদক আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।
সহসভাপতি নূর তালুকদার মুন্না বলেন, রাজস্থলী থেকে আনা সাধারণ সম্পাদক শহরের নেতাকর্মীদেরই চেনেন না—তাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন অভিযোগ করেন, টাকা ও আইফোনের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি দ্রুত কমিটি বাতিল করে নিয়মিত ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
অন্যদিকে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ বলেন, “ছাত্রদল একটি বড় সংগঠন। এখানে সবার অবদান আছে, তবে সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা পদ পাননি, তারা ক্ষোভ প্রকাশ করছেন—এটি স্বাভাবিক। সবাইকে শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।”
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *