ধর্মপাশায় জমি বিরোধে প্রধান শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশায় জমি নিয়ে বিরোধের জেরে পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত শিক্ষক ও তাঁর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রামের টিনু মিয়ার সঙ্গে একটি জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। রোববার সকালে ওই জমিতে লাল নিশান টানানোর চেষ্টা করা হলে লিটন চন্দ্র বর্মন সেখানে গিয়ে বাধা দেন।

এরপর বিদ্যালয়ের সামনে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়।

ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *