মানিকগঞ্জে নিজ বসতঘর থেকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্বজনদের দাবি, বৃদ্ধার গায়ের স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে।
পুলিশের প্রাথমিক ধারণাও একই দিকে ইঙ্গিত করছে। তবে ঘটনার প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং লুটের ঘটনা ঘটেছে কি না—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা করছে।