কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী ও মনখালী সমুদ্রসৈকত এলাকা থেকে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সাগরে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় জেলেরা পানিতে তিনটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, সাগরে নৌকা ডুবির ঘটনায় ওই তিন ব্যক্তি মারা গিয়ে থাকতে পারেন। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনার পর মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।