ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণা, জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

পরোয়ানা জারি হওয়া অন্যরা হলেন—ফুডপান্ডার কো-ফাউন্ডার ও ডিরেক্টর জুবায়ের সিদ্দিকী, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক, ডিরেক্টর ডেলিভারি মো. তাবারেজ খান এবং সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল হক।

মামলার নথি অনুযায়ী, ‘প্রোটিন অ্যান্ড পেরিশেবল’ (পিএনপি)-এর স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির গত বছরের ৩ জুলাই দুই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। তার দাবি, ২০২২ সালের জুন থেকে ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টে সবজি ও ফল সরবরাহ শুরু করার পর প্রথম দিকে নিয়মিত টাকা পরিশোধ করা হলেও পরে জালিয়াতির মাধ্যমে অর্থ আটকে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়, ১ লাখ টাকার পণ্য সরবরাহের বিপরীতে কখনো মাত্র ১ থেকে ১০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হতো। পাশাপাশি ভুয়া স্বাক্ষর ব্যবহার এবং একই দিনে একাধিক ভুয়া ‘রিটার্ন টু ভেন্ডর’ (আরটিভি) স্লিপ তৈরি করে পণ্য ফেরত দেখানোর অভিযোগও করা হয়েছে।

দুই মামলায় বাদীপক্ষের দাবি, এভাবে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

আদালতের নির্দেশে গুলশান থানা পুলিশ দুই মামলার তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়। বাদীপক্ষের আইনজীবীর দাবি, তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন গ্রহণের পর আদালত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তবে মামলায় আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে—এমন নয়; পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *