বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

বি এম তারেক তালুকদার, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে প্রকাশ্যে উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোলের দায়ে ইছব আলী নামে এক ব্যক্তিকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ইছব আলী উপজেলার উত্তরসুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সেবন করে হট্টগোল ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ইছব আলীর কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *