তিন বছর একই কর্মস্থলে থাকা ভূমি কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে টানা তিন বছর বা তার বেশি সময় দায়িত্ব পালন করছেন, এমন কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ভূমি মন্ত্রণালয়। গত ১ সেপ্টেম্বর পরিপত্রটি জারি করা হয়।

মন্ত্রণালয় বলছে, দীর্ঘ সময় একই এলাকায় দায়িত্ব পালন করলে স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ বা স্বার্থসংশ্লিষ্টতার সুযোগ তৈরি হতে পারে। এতে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা থাকে।

এ ধরনের ঝুঁকি কমাতে এবং ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল রাখতে নিয়মিত বদলি বা পদায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ ও দায়িত্ব পালনের সময় উল্লেখ করে হালনাগাদ তালিকা করতে হবে।

পরে তালিকা যাচাই করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা ব্যক্তিদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তবে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলাজনিত বিষয়, অভিযোগ কিংবা কর্মদক্ষতার মতো সুনির্দিষ্ট কারণে তিন বছর পূর্ণ হওয়ার আগেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা যাবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *