নাটোরে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসককে হত্যা

নাটোরে ছুরিকাঘাতে মো. আনোয়ারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আনোয়ারুল ইসলামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকায়। তবে তিনি নাটোর সদরের চাঁদপুর বাজারে তার একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় ও ওষুধের দোকান রয়েছে।

তিনি গত ৩০ বছর ধরে সেখানে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর তিনি নিজের হোমিও দোকানে অবস্থান করছিলেন।

এসময় অচেনা কেউ এসে তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *