নড়াইলে শিক্ষকের নির্যাতনে মাদরাসাছাত্রের মৃত্যু

নড়াইলে মাদরাসার আবাসিক শিক্ষার্থী সুলায়মান ইসলাম (১২) শিক্ষকদের নির্যাতনে অসুস্থ হয়ে মারা গেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। তবে মাদরাসা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) ভোর রাতে অসুস্থ হয়ে পড়ার পর সুলায়মানকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

নিহত সুলায়মান সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলীর ছেলে। সে সদর উপজেলার আউড়িয়া গ্রামের মারকাযুল কুরআন মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

সুলায়মানের বাবা সৈয়দ ইকরামুল বলেন, বুধবার সকালে মাদরাসা থেকে ফোন করে ছেলের অসুস্থতার কথা জানানো হয়। খবর পেয়ে তারা মাদরাসায় গিয়ে সুলায়মানকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার অভিযোগ, মাদরাসার শিক্ষকদের নির্যাতনের কারণেই তার ছেলে অসুস্থ হয়ে মারা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন বলেন, কোনো শিক্ষক সুলায়মানকে নির্যাতন করেননি। চিকিৎসা ও তদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে এবং এ ঘটনায় মাদরাসার কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেওয়া হবে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার শিক্ষক ইউসুফ হায়দার (৩২), হাসিবুর রহমান (২৮) ও ফাহাদ শেখকে (২৫) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *