যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিজিবির বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৫৩টি শাড়ি, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ১৯৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।