মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের লর্ডমার্কেট এলাকায় বাড়িতে ঢুকে প্রেমিকা স্মৃতি আক্তারের ডান হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সায়ন ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে স্মৃতি আক্তারের ওপর হামলা চালান। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে স্মৃতির বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত সায়ন পালিয়ে যান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।