দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির ছাত্রী অনুপমা রায়। - sanatanitv

দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির ছাত্রী অনুপমা রায়।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় স্কুলে বাইসাইকেল রাখার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে অনুপমা রায় (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা অনুপমা রায় প্রতিদিনের মতো বুধবার সকালেও সুস্থ অবস্থায় বাইসাইকেলে করে স্কুলে আসে। বিদ্যালয়ের গ্যারেজে সাইকেল রাখার পরপরই সে আকস্মিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, মেয়েটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বা অন্য কোনো শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিক এই মৃত্যু হতে পারে।

​এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক দ্রুত হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁদের সান্ত্বনা দেন।

​দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীর অকাল মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন মেধাবী ছাত্রীর এমন আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মাঝে স্তব্ধতা বিরাজ করছে।