নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটেছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকরা অসুস্থ হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডস্থ বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অপরদিকে, হঠাৎ এমন পরিস্থিতি দেখে কারখানাটির কর্মরত অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন।
এ বিষয়ে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার জিএম বিল্লাল হোসেন বলেন, ‘৭ থেকে ৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়। তবে অসুস্থতা কি থেকে হয়েছে তা আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
আদমজী ইপিজেডস্থ বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, গরমে হিট স্ট্রোক হয়েছে। প্রায় ২০জন শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।