আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে তৃতীয় লিঙ্গের কয়েকজনের পূজার আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেস ক্লাব অব ইন্ডিয়ার একটি ভাড়া করা স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রেখে পূজা করা হয় এবং ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা নরেন্দ্র মোদির নামে একটি মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছেন। মন্দিরের জন্য নির্ধারিত স্থানেই বৃহস্পতিবারের ওই পূজার আয়োজন করা হয়। এতে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
আয়োজকেরা অনুষ্ঠানটির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বহুল প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এই নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে এই আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের জন্য হলটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত কর্মসূচির পরিবর্তে সেখানে পূজার আয়োজন করা হয়।
বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে ভাড়া নেওয়া স্থানে এ ধরনের ধর্মীয় আয়োজন করা হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।
পরে এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও নজরে এসেছে। তবে এর সঙ্গে প্রেস ক্লাব কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল না। চুক্তির শর্ত ভঙ্গের কারণে আয়োজনে দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানায় তারা।