কচুয়ায় হিন্দু পরিবারের তিনজনকে কুপিয়ে আহত, প্রধান হামলাকারী আটক

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে কথাকাটাকাটির জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন চায়ের দোকানদার সমীর ঠাকুর ও তাঁর দুই ছেলে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের সময় কচুয়া বাজারে সমীর ঠাকুরের চায়ের দোকানে একই গ্রামের মৃত ফারুক হাওলাদারের ছেলে রাজা মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি উত্তপ্ত হয়ে উঠলে রাজা মিয়া ধারালো চাকু দিয়ে সমীর ঠাকুরকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।

বাবাকে রক্ষা করতে তাঁর দুই ছেলে এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে জানা গেছে।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে সমীর ঠাকুরের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান হামলাকারী হিসেবে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *