যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে একটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ উঠেছে। দোকান থেকে আনুমানিক ৮ ভরি স্বর্ণালংকার, দেড় কেজি রুপা ও নগদ ৭৫ হাজার টাকাসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক জয়দেব মজুমদার।
শনিবার (৩১ অক্টোবর) বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি এ তথ্য জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, চাড়াভিটা বাজারের মসজিদ মার্কেটের নড়াইল রোডে ‘দিদি মনি জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করেন জয়দেব মজুমদার। শনিবার সকাল আনুমানিক ১১টা ৫৬ মিনিটে দোকানে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় দোকানের কাউন্টার ও শোকেসে রাখা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি তাঁর নজরে আসে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দোকান থেকে আনুমানিক ৮ ভরি স্বর্ণালংকার, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং ১ কেজি ৫০০ গ্রাম রুপা, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮৭ হাজার টাকা, চুরি হয়েছে। এ ছাড়া নগদ ৭৫ হাজার টাকা, মোটরসাইকেলের কাগজপত্র, আলমারির চাবি ও একটি ব্যাগও খোয়া গেছে বলে অভিযোগ করেন দোকানমালিক।
অভিযোগকারীর দাবি, অজ্ঞাতনামা চোর বা চোরচক্র দোকানের কাউন্টার ও শোকেসে রাখা মূল্যবান স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। লিখিত অভিযোগে স্থানীয় সাক্ষী হিসেবে রিপন মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে।
দোকানমালিক জয়দেব মজুমদার জানান, ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।