নাটোরে পাঁচ হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবির হুমকি, টাকা না দিলে হত্যার ভয় দেখিয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় পাঁচটি হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবি করে হুমকিমূলক চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমকির চিঠিগুলো জব্দ করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাতের আঁধারে পাঁচটি হিন্দু পরিবারের বাড়িতে পৃথকভাবে চিঠি রেখে যায়। চিঠিতে নির্দিষ্ট একটি বিকাশ নম্বরে ২৪ ঘণ্টার মধ্যে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দিয়ে তা না মানলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলো চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চিঠিগুলো জব্দ করেছে। চিঠিতে উল্লেখ করা বিকাশ নম্বরটি বর্তমানে বন্ধ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *