বরিশালের বেলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক হিন্দু নারীকে মারধর, হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক ওষুধের দোকানদারের বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, বেলতলা এলাকার ওই ওষুধের দোকানদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে ওই নারীকে বিরক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এমনকি তিনি ওই নারীর বাসায় গিয়েও বারবার টাকা-পয়সা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের কথায় রাজি করানোর চেষ্টা করেন। তবে কোনো প্রস্তাবেই সাড়া না দেওয়ায় ওই নারীর ওপর ক্ষিপ্ত হন অভিযুক্ত ব্যক্তি।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করার পাশাপাশি পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলেন এবং ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে নিয়ে যান। পরে বাজারের মানুষের সামনে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারী। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে কাউনিয়া থানা পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি।