নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এক হিন্দু পরিবারের বাড়ির দরজায় কাফনের কাপড় ঝুলিয়ে রেখে দেশত্যাগের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চৌধুরীপাড়ার বাসিন্দা সনজিত ঘোষের বাড়ির দরজায় অজ্ঞাত ব্যক্তিরা একটি কাফনের কাপড় ঝুলিয়ে রেখে যায়। সেখানে থাকা একটি চিরকুটে লেখা ছিল, “বাঁচতে চাইলে দেশ ছাড়, নইলে মরার জন্য প্রস্তুত হও।”
স্থানীয় সূত্রে জানা যায়, সনজিত ঘোষ দীর্ঘ প্রায় দুই দশক সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে নিজ এলাকায় একটি গরুর খামার গড়ে তোলেন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক এবং দুধ বিক্রির মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করছেন।
এ ঘটনায় সনজিত ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, কোনো নাগরিককে ভয়ভীতি দেখিয়ে নিজ দেশ ছাড়তে বাধ্য করার চেষ্টা সংবিধান ও আইনের পরিপন্থী।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।