ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাশতার সময় শ্বাসনালিতে খাবার আটকে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ড. দীপ্তি সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. দীপ্তি সাহা একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন।
উপাচার্য প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। এ সময় উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পোস্তগোলার শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।