মায়ের অসুস্থতার কথা বলে স্কুলছাত্রীকে নিয়ে উধাও

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে মায়ের অসুস্থতার কথা বলে আনিশা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে স্কুল থেকে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ আনিশা সন্দ্বীপ আনন্দ পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, এক ব্যক্তি স্কুলে গিয়ে আনিশার মায়ের অসুস্থতার কথা জানিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যান। বিষয়টি বিশ্বাস করে আনিশা ওই ব্যক্তির সঙ্গে স্কুল ত্যাগ করে। এরপর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত আনিশার কোনো সন্ধান মেলেনি। মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

এ ঘটনায় আনিশার পরিবারের পক্ষ থেকে সন্দ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। আনিশার অবস্থান শনাক্ত এবং তাকে দ্রুত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে কেউ আনিশার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সন্দ্বীপ থানা বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *