বরিশালের আগরপুরে গৃহমন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, চেতনানাশক প্রয়োগে তিন সেবায়েত অচেতন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরে বিশিষ্ট শ্রীমদ্ভাগবত পাঠক গৌর গোবিন্দ দাসের নিজ বাড়ির গৃহমন্দিরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা মন্দিরে অবস্থানরত তিনজন সেবায়েতকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় গৃহমন্দিরে নিতাই গৌর দাস, সবার পরিচিত চিকন মাসি এবং সেবায়েত শ্রী ব্রহ্মানন্দ গোস্বামী অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা কৌশলে তাদের চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে ফেলে। এরপর মন্দিরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।

জানা যায়, আগরপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে শ্রীশ্রী জগন্নাথ দেব গৃহমন্দিরে অবস্থান করছিলেন। এ সময়েই সংঘটিত এ ডাকাতির ঘটনায় ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনার সময় ভাগবত পাঠক গৌর গোবিন্দ দাস নিজে মন্দিরে উপস্থিত ছিলেন না। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন, বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেন।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া নিতাই গৌর দাস, চিকন মাসি ও শ্রী ব্রহ্মানন্দ গোস্বামীকে দ্রুত গৈলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ডাকাতরা কীভাবে মন্দিরে প্রবেশ করেছে এবং কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার, লুট হওয়া সম্পদ উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *