উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬

‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন–শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশে বালুর মাঠে ‘উগ্রবাদী সংগঠনের’ কিছু ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রশিক্ষণ নিতে’ জড়ো হয়েছে। পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কি কারণে জড়ো হয়েছিল তার কোনো ‘সদুত্তর দিতে পারেনি’। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ‘ধারণা করা হচ্ছে’, তারা উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে গ্রেপ্তার ৬ জনকে আদালতে নিয়ে আসে পুলিশ। ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের এজলাসে তোলা ও শুনানি শেষে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *