ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ে তলিয়ে হাটহাজারীর যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের উত্তাল ঢেউয়ে তলিয়ে মোহাম্মদ সায়েম (২২) নামে হাটহাজারীর এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্র সৈকতে বেড়াতে যান সায়েম। পরে দুজন একসঙ্গে সাগরে গোসল করতে নামলে একপর্যায়ে উত্তাল ঢেউয়ের মধ্যে সায়েম তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

আরমানের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নৌকাসহ বিভিন্ন উপায়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ সায়েমের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। কিন্তু এখনো নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, এক যুবক সাগরে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ যুবককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *