রাম বিগ্রহ অবমাননায় জেলায় জেলায় বিক্ষোভ-প্রতিবাদ

গাইবান্ধার পলাশবাড়ীতে রামচন্দ্রের বিগ্রহের প্রতি অবমাননা, দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের প্রতিবাদে সিলেট, বরিশাল, লক্ষ্মীপুর ও বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

শনিবার বিভিন্ন জেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি হয়।

সিলেট

নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ।

এছাড়া বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য সুব্রত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট প্রেসবিটারিয়ান মিশনমণ্ডলীর সভাপতি ডিকন নিঝুম সাংমা, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ জিডি রুমু, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কর, জেলা যুব ঐক্যের আহ্বায়ক বিদ্যুৎ সেন, মহানগর যুব ঐক্যের আহ্বায়ক রকি দেব, ছাত্র ঐক্য জেলার আহ্বায়ক মিথিল পাল কান্ত, মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ বিশ্বাস, শাহপরান থানা পূজা পরিষদের সভাপতি বিরেশ দেবনাথ, ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব, কোতোয়ালি থানা পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, দীপক কুমার দাস, নন্দন চন্দ্র পাল, সঞ্জয় পাল ও যুগল কৃষ্ণ গোস্বামী।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি মন্দির ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে, যা দেশের সংবিধান ও বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থি।

তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

লক্ষ্মীপুর

জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে সদর মডেল থানা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, চন্দ্রগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কর্মকার, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বানু নাগ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা রবি ও সদস্য অজয় রায়।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তারা ধর্মীয় অবমাননা ও মন্দিরে হামলার হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বগুড়া

শহরের সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এন সি বাড়ই, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তীসহ বিভিন্ন নেতা বক্তব্য দেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এন সি বাড়ই, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, অমৃত লাল দাস, সমর দাস, গোপাল তেওয়ারি, পরিমল প্রসাদ রাজ, সুজিত জয়সোয়াল, প্রদ্যুৎ কুমার চাকী, রাম নারায়ণ কানু, নয়ন সরকার, উত্তম রায় ও প্রভাত সাহা।

বগুড়ার কর্মসূচিতে বক্তারা গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বরিশাল

একই দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। সেখানে বক্তারা ধর্মীয় অবমাননা ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল জেলার সাবেক সভাপতি বাসুদেব কর্মকার এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা।

সেখানে বক্তারা ধর্মীয় অবমাননা ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিগুলোতে বক্তারা বলেন, দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত, উপাসনালয়ে হামলার হুমকি এবং সাম্প্রদায়িক উসকানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *