নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম নামে এক ব্যক্তির বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে, খোলাডাঙ্গা এলাকার শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার রাতে রোড বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব ও রাকিবসহ ১০ থেকে ১৫ জনের একটি দল শামীমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা বাড়ির আশপাশে পরপর কয়েকটি ককটেল বা বোমাসদৃশ বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারী-শিশুসহ স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিরোধের জের ধরে যে কোনো সময় নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।