কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল ভুক্তভোগী দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পথে একই শ্রেণির ছাত্র  হুমায়ুন কবির (১৮) তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক একটি অটোরিকশায় করে ওই ছাত্রীকে অপহরণ করে। তারা মেয়েটিকে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা গ্রামে শাহাজান আলীর ছেলে সাকিরুল ইসলামের বাড়িতে নিয়ে যায়।​সেখানে অভিযুক্ত হুমায়ুন, সাকিরুল, অনিক মিয়া ও সাব্বির মিয়া মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আটকে রাখে। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে এসে ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিরুল ইসলামকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সাকিরুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *