হিন্দু ধর্ম ও দেবী কালীকে নিয়ে কটূক্তির অভিযোগে জবি শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্ম ও দেবী মা কালীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মবিন আরাফাতের ফেসবুক পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করেছে।

অভিযোগকারীরা জানান, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সকল নাগরিকের সমান মর্যাদা রক্ষার স্বার্থে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্ম, উপাস্য বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার সুযোগ থাকতে পারে না।

এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, ভবিষ্যতে যেন কেউ কোনো ধর্ম বা সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দুঃসাহস না করে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পারস্পরিক সম্মান ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *