জয়পুরহাটের আক্কেলপুরে দিনমজুর শ্যামল চন্দ্র মালীকে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে শ্যামল চন্দ্র মালী নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল চন্দ্র মালী উপজেলার কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক হাসান আলী উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার পথে সড়কের মধ্যে হাসান আলীর সঙ্গে দেখা হয়। এসময় একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসান আলী পেছন থেকে গাছের ডাল দিয়ে শ্যামলের মাথার পেছনে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *