যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক

শুক্রবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মিছিলের প্রস্তুতিকালে বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত কর্মচারী ও কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ। পরে তাকে কোতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পক্ষে স্থানীয় আমবটতলা বাজারে যুবলীগের নেতা বাদল, আরশাদ আলী ও বেশ কিছু লোকজন আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন। মিছিলের প্রস্তুতিকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ বাদলকে আটক করে।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এ এস আই নিয়ামুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি বাদলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে। এসময় আমরা অভিযান চালিয়ে বাদলকে আটক করি এবং অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের স্পেশাল টিম কাজ করছে। বাদলকে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *