মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ

যশোরের মনিরামপুর উপজেলার খাতাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বাবু সরকার (৩৫) কৃষ্ণবাটি গ্রামের মৃত অতুল সরকারের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কৃষ্ণবাটি মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে মন্দিরসংলগ্ন বাবু সরকারের বাড়িতে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তাকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে অশোক মল্লিক, লক্ষীকান্ত মল্লিক, কনক মল্লিক (২৫), কল্যাণ মল্লিক (২৮) ও নয়ন মল্লিককে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত বাবু সরকারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *