চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস মাসুদ খান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।

চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস মাসুদ খান আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তার নিয়োগের কয়েক ঘণ্টা আগেই সদ্য সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেন।

অর্থ মন্ত্রণালয় আজ চার বছরের জন্য তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে মাসুদ খান স্বাধীন পরিচালক হিসেবে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং ২০১৯ সালের এপ্রিলে চেয়ারম্যান হন।

তিনি বর্তমানে ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

৪৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি বহুজাতিক ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন এবং এর আগে বাংলাদেশ ও বিদেশে প্রায় ২০ বছর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে অর্থ ও সংশ্লিষ্ট বিভাগে কাজ করেছেন।

তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি গত ৪৫ বছর ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এ শিক্ষকতা করছেন।

মাসুদ খান ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে সম্মান (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তিনি ১৯৭৭ সালে অল ইন্ডিয়া সিএ পরীক্ষায় রৌপ্য পদক অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *