ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ এর সম্ভাব্য তারিখ আগামী ৩ নভেম্বর। ফরম পূরণের কার্যক্রম চলার পর আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩১ ডিসেম্বর।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে অতি দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে পরীক্ষার সুনির্দিষ্ট ফরম পূরণ এবং চূড়ান্ত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
এবছর এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এবং ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।