সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন— সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী গাজীর ছেলে মহিউদ্দিন গাজী (৪২) এবং একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শাহিন গাজী (২৮)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কেঁড়াগাছি সীমান্ত এলাকায় এই গুলির ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন গাজীর ছোট ভাই ইশারাত গাজী জানান, রাত ১টার দিকে মহিউদ্দিন গাজী ও শাহিন গাজী ভারত সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে বাড়ির উদ্দেশ্যে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মহিউদ্দিন গাজীর ডান হাতে গুলি লাগে এবং শাহিন গাজীর পিঠে গুলিবিদ্ধ হয়।

পরে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *