দিল্লিতে বড় হামলার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৯

ভারতের প্রাণকেন্দ্র রাজধানী দিল্লিতে হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বিদেশিসহ অন্তত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআই এবং নির্বাসিত সন্ত্রাসী দাউদ ইব্রাহীমের সহযোগী বলে দাবি করেছে দিল্লি পুলিশ বিভাগ।

গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা অস্ত্র আর বিস্ফোরকের উৎস জানার চেষ্টা চলছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল থেকে জানানো হয়েছে, দিল্লি, মুম্বাই ও পাঞ্জাবে সন্দেহভাজন আস্তানায় হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ আর আলামত পর্যালোচনার ভিত্তিতে আরও জানানো হয়েছে, পারমাণবিক কেন্দ্র, বিমানবন্দর, রেল স্টেশন আর বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা আর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা ছক কষছিলো তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকায় চলতি মাসের শুরুতে দিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। যা বহাল আছে এখনও।

উল্লেখ্য, গত বছর ঐতিহাসিক লাল কেল্লার কাছে বিস্ফোরকবাহী গাড়ি বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হলে কাশ্মীরের এক ডাক্তার ছাড়াও সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *