বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হচ্ছে। পাশাপাশি ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করা হয়েছে।
পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে। এ ভিসার আওতায় একাধিক ধরনের স্বল্পমেয়াদি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও বাড়ানো হচ্ছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ব্যবস্থার এ সংস্কারের কাজ শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। নতুন কাঠামো তৈরির আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।