পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রেললাইনে হাঁটার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকায় ১৭ নম্বর রেল ব্রিজের কাছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আশিকুর রহমান আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা এবং মনিরুল ইসলাম মনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে আশিক ঘুম থেকে উঠে বাড়ির আশপাশে ঘুরছিলেন। পরে তিনি পাশের কালিকাপুর এলাকার রেললাইনের দিকে চলে যান। ঠিক সেই সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি ওই রেলপথ দিয়ে যাচ্ছিল। ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত যুবকের কিছুটা মানসিক সমস্যা ছিল। দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।